বগুড়া ব্যুরো :
বগুড়ায় রেলওয়ের দখলে থাকা একটি জলাশয় উদ্ধার করে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের কামারগাড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ এবং দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জলাশয়ে জমে থাকা ময়লা-আবর্জনা, ডেঙ্গু মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত করে দুষিত পানি এবং বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী সরিয়ে ফেলা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এছাড়াও অভিযানে ডিডিএলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস ও বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম অংশ নেন। রাজনৈতিক নেতাদের মধ্যে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন জানায়, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ ও শহরের সামগ্রিক পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় রেলের জলাশয়ে পরিচ্ছন্নতা অভিযান
সেপ্টেম্বর ২৬, ২০২৬
































