বগুড়া ব্যুরো :
নদী দখল ও দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবিতে বগুড়ায় বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর)।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, সহসভাপতি তৌফিকুর রহমান ও নাসরিন সুলতানা সুমি, সাবেক সভাপতি হোসেন রহমান এবং সরকারি শাহ সুলতান কলেজ শাখার আহ্বায়ক আবুল বাশার মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জি এম রাহাতসহ কেন্দ্রীয় ও শাখা কমিটির সদস্যরা।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তারা বলেন, দখল ও দূষণের কারণে দেশের নদ-নদীগুলো আজ অস্তিত্বসংকটে। মানুষের অসচেতনতা ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান বলেন, আমাদের অসচেতনতার কারণেই নদীগুলো ধ্বংসের মুখে পড়ছে। নদী রক্ষায় কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে।
সংগঠনটির সাবেক সভাপতি হোসেন রহমান বলেন, নদী আমাদের জীবন, জীবিকা ও পরিবেশের অন্যতম ভিত্তি। নদী রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
সরকারি শাহ সুলতান কলেজ শাখার আহ্বায়ক আবুল বাশার মণ্ডল করতোয়া নদীসহ দেশের সব নদীকে দখল ও দূষণমুক্ত করার দাবি জানিয়ে বলেন, নদী রক্ষা কেবল কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব হতে পারে না। সরকার, প্রশাসন, গণমাধ্যম, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এ কাজে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার বিশ্ব নদী দিবস হিসেবে পালিত হয়। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তীর’ ২০১১ সাল থেকে পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় করতোয়াসহ নদী রক্ষায় সমন্বিত আইন প্রয়োগের দাবি
সেপ্টেম্বর ২৭, ২০২৬






























