জিন্নাত হোসেন, দিনাজপুর :
“আজকের উদ্ভাবন, আগামীর মহাবিপ্লব” এই মূলসুরকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২ দিনব্যাপী বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ জুন-২০২৬) সকালে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া। তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, “আমরা শুধু প্রযুক্তিনির্ভর জাতি নয়, বরং একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি চাই।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় দীক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় তরুণ শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী মেধার অনন্য স্বাক্ষর রেখেছে। এবারের মেলায় খুদে বিজ্ঞানীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে মোট ৫১৫টি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করে। পরিবেশ দূষণ রোধ, স্মার্ট সিটি, নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক রোবোটিক্সসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ের ওপর চমৎকার সব উদ্ভাবন প্রদর্শন করে শিক্ষার্থীরা উপস্থিত সবাইকে চমৎকৃত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা, সিএসসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের এপি ম্যানেজার লাভলী বিশ্বাস, সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার অর্পন ব্লেস পিউরীফিকেশন, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরীফিকেশন, উচ্চ মাধ্যমিক শাখার ইনচার্জ ব্রাদার গ্রেনার রিচিল, প্রাথমিক শাখার ইনচার্জ সিস্টার স্মৃতি বাস্কে, মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক প্রাণ কুমার বর্মণ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অমল আঞ্জেলো রোজারিও ও প্রনতি হাঁসদা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞান মেলা তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় সংগীত ও দলীয় নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা।
আমন্ত্রণ/এজি
দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
জুন ১২, ২০২৬


































