আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানকে ঘিরে বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. সাইফুদ্দীন এমরান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহ. আমিনুল ইসলাম এবং বাংলা বিভাগের প্রভাষক আবির মুহাইমিন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও অনার্স পাঠ্যক্রম সম্পর্কে ধারণা, জ্ঞান ও গবেষণা নির্ভর পাঠ কৌশল এবং ক্যারিয়ার গাইড লাইনের উপরে গুরুত্ব আরোপ করেন এবং নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তাচর্চার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যের জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভাগীয় পরিচিতি, পাঠক্রম, পরীক্ষাপদ্ধতি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে নবীন শিক্ষার্থীরা কলেজ ও বিভাগের শিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন।
আলোচনা পর্ব শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষকবৃন্দ ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। পরে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে মিলনায়তন।
সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে আয়োজিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে বাংলা বিভাগের নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা হয়।
আমন্ত্রণ/এজি
ফুলবাড়ী সরকারি কলেজে বাংলা বিভাগের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
জুন ১১, ২০২৬


































