আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনটে অভিমান করে রিয়া মনি (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া মনি ওই গ্রামের রুবেল হকের মেয়ে এবং মাইজবাড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়া মনির বাবা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। রিয়ার জন্মের দুই মাস পর তার মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে সে গ্রামের বাড়িতে দাদা-দাদির সঙ্গে বসবাস করে আসছিল।
পরিবারের সদস্যরা জানান, কিছুদিন ধরে রিয়া মনি তার মায়ের সঙ্গে কথা বলতে চাইছিল। কিন্তু তার মা কথা না বলায় সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অভিমান করে। শনিবার সকালে তার দাদি তাকে খাবারের জন্য ডাকাডাকি করলে তার কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পায়। পরে স্থানীয়রা ধুনট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আমন্ত্রণ/এজি































