আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ক্ষুধার্ত শিয়ালের আকস্মিক হামলায় নারী ও শিশুসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী ভুতবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতরা হলেন—ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ী গ্রামের কলেজছাত্র আকাশ মিয়া (১৯), নাজমা খাতুন (৩৫), চায়না খাতুন (৩৬), মরিয়ম খাতুন (৮) এবং গোপালনগর গ্রামের রমজান আলী (৫৫)। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ ধুনট ও কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত আকাশ মিয়া জানান, দুপুরে হঠাৎ একটি শিয়াল তাদের বাড়ির আঙিনায় ঢুকে পড়ে। শিয়ালটি দেখে তিনি চিৎকার করে বাবাকে ডাকলে সেটি হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং উরুর মাংসে কামড় বসায়। পরে শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাদের পেয়েছে, তাদের ওপরও হামলা চালিয়ে আহত করে।
এ বিষয়ে ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহেনা খাতুন বলেন, সাধারণত শিয়াল দুটি কারণে আক্রমণ করে—প্রথমত, আঘাত পেলে এবং দ্বিতীয়ত খাদ্যসংকটে পড়লে। বর্তমানে প্রাকৃতিক খাদ্যের অভাবে শিয়াল লোকালয়ে ঢুকে পড়ছে এবং ক্ষুধার্ত অবস্থায় মানুষের ওপর আক্রমণ করছে বলে ধারণা করা হচ্ছে। তিনি এলাকাবাসীকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও শিয়াল আতঙ্ক বিরাজ করছে।
আমন্ত্রণ/এজি


































