মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুরসহ রংপুর বিভাগের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বি আর টি এ দিনাজপুর সার্কেলের আয়োজনে বিআরটিএ রংপুর বিভাগের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বিগত দিনে বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।
চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন বি আরটিএ রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জি:) পারকন চৌধুরী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই- আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা সভাপতি মো. এরশাদুজ্জামান মোল্লা, দিনাজপুর বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি:) শামসুল কবীর সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ।
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৮০ জনপরিবারের মাঝে ৩ কোটি ৩০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে দিনাজপুর জেলার ৪১ জনের মাঝে ১ কোটি ১৫ লাখ, ঠাকুরগাঁ জেলার ২৬ জনের মাঝে ৯৮ লাখ লাখ এবং পঞ্চগড় জেলার ১৩ জলের মাঝে ৪৩ লাখ টাকা।
উল্লেখ, নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং আহতদের পরিবারকে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৮০ পরিবারের মাঝে চেক বিতরণ
ফেব্রুয়ারি ৯, ২০২৬


































