আমিনুল ইসলাম, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল চারটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. ইসাহাক আলী।এতে বক্তব্য রাখেন বদলী জনিত বিদায় সংবর্ধিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোছা. তাসলিমা খাতুন প্রমুখ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, “উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী দায়িত্ব পালনের সময় প্রশাসনের প্রতিটি দপ্তরের সঙ্গে আন্তরিক সমন্বয় রেখে কাজ করেছেন। তাঁর সৎ ও সহযোগিতামূলক মনোভাব আমাদের মনে গভীর দাগ থেকে যাবে।”
বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী আবেগঘন কণ্ঠে বলেন, “ফুলবাড়ী আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়।এখানকার মানুষের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আমি কখনও ভুলতে পারব না। এই এলাকার মানুষের কল্যাণে কাজ করার স্মৃতি আমার কাছে অমূল্য হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. ইসাহাক আলী বলেন, “জাফর আরিফ চৌধুরী একজন কর্মঠ, বিনয়ী ও অত্যন্ত দায়িত্বশীল প্রশাসক। ফুলবাড়ীর উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান সত্যিই অনুকরণীয় ও স্মরণীয় হয়ে থাকবে।”
শেষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলবাড়ী উপজেলার মানচিত্রের আদলে তৈরি একটি বিশেষ ক্রেস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ্য, মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি ২০২৩ সালের ১০ জানুয়ারি ফুলবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ দুই বছর নয় মাস নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
আমন্ত্রণ/এসিজি


































