বগুড়া ব্যুরো :
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বগুড়ার শেরপুরে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জনসমক্ষে বিভিন্ন অঙ্গীকার ব্যক্ত করেছেন।শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বগুড়া-৫ (শেরপর-ধুনট) আসনের শেরপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে অনুষ্ঠিত ‘জনতার মুখোমুখি’অনুষ্ঠানে তারা এসব প্রতিশ্রুতি দেন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সুজন প্রণীত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। অঙ্গীকারনামায় প্রার্থীরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধিসহ সকল আইন মেনে চলার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তারা নির্বাচনে অন্যায় প্রভাব বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ভোট কেনাবেচায় জড়াবেন না বলে অঙ্গীকার করেন।
প্রার্থীরা জানান, নির্বাচিত হলে দলের ইশতেহার ও জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সন্ত্রাস ও মাদকসহ সামাজিক অপরাধ দমনে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।
এছাড়া নির্বাচনে পরাজিত হলেও গণরায় মেনে নেওয়া এবং বিজয়ী প্রার্থীকে এলাকার উন্নয়নে সহযোগিতা করার কথা জানান প্রার্থীরা। নির্বাচিত হলে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ভূমিকা রাখবেন এবং সংসদ বর্জনের বিপক্ষে অবস্থান নেবেন বলেও অঙ্গীকার করেন তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন শেরপুর উপজেলা কমিটির সভাপতি নিমাই ঘোষ। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দবিবুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী মীর মো. মাহমুদুর রহমান, সিপিবির প্রার্থী শিপন রবিদাস, বিএনপির প্রার্থীর প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু, সুজন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন এবং শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক. আইয়ুব আলী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রার্থীদের কাছে প্রশ্ন রাখেন এবং প্রার্থীরা সেসব প্রশ্নের উত্তর দেন।
আমন্ত্রণ/এজি
বগুড়া-৫ আসন : বগুড়ায় জনতার মুখোমুখি ৪ প্রার্থী
ফেব্রুয়ারি ৮, ২০২৬
































