প্রদীপ মোহন্ত, বগুড়া :
দীর্ঘ ১৯ বছরের অপেক্ষা শেষে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পৈতৃক ভিটা বগুড়ায় ফিরছেন তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর নিজের পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জনসভার প্রস্তাবিত স্থল ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সাংবাদিকদের জানান, বগুড়ার মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে বরণ করে নিতে পুরো জেলা এখন উৎসবমুখর। আমরা মাঠের প্রস্তুতি সম্পন্ন করছি। জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করতে সব ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী জনসভা শেষ করবেন। এরপর সড়কপথে বিভিন্ন স্থানে পথসভা করে ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন। বিকেল ৫টায় তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে স্মরণকালের বৃহৎ সমাবেশে ভাষণ দেবেন।
লন্ডন থেকে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর। ইতোমধ্যে তার নির্বাচনি এলাকা বগুড়া-৬-এর স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে মঞ্চ প্রস্তুত ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সকালেই প্রচারের মাইকগুলো মাঠে এসে গেছে।
বগুড়ায় তারেক রহমানের আগমনের খবরে গাবতলী ও সদরের প্রতিটি গ্রাম-মহল্লায় বইছে আনন্দের জোয়ার। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তোরণ নির্মাণ এবং ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে রাজপথ। নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসভা সফল করতে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করছে বিএনপি।
মাঠের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল হক সুমন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই মাঠের কাজ শেষ হবে। সকালে মাঠের ধুলোবালি দমাতে পানি দেওয়া হয়েছে।
বিকাল ৫টায় এ সমাবেশের কথা থাকলেও রাত লেগে যেতে পারে এই চিন্তায় মাঠে সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা আছে বলে জানান জেসমিন ডেকোরেটরের মালিক জাহিদুল ইসলাম।
প্রায় দুই দশক পর তার এই আগমনকে কেন্দ্র করে বগুড়াসহ উত্তরবঙ্গের জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ২৮ জানুয়ারি সমাবেশ হওয়ার কথা থাকলেও বিমানের টিকিট জটিলতার কারণে তা এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা আরও বলেন, ‘আমরা আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেছি। আশা করছি জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। ২৯ জানুয়ারি জনসভা শেষে তারেক রহমান বগুড়াতেই রাতযাপন করে পরদিন ৩০ জানুয়ারি সকালে বগুড়া-৬ (সদর) আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ শেষে, গাবতলী উপজেলার পৈতৃক ভিটা বাগবাড়ি গ্রামে স্থানীয় নেতাকর্মী ও মানুষজনের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগে অংশ নেবেন। তারপর তিনি পুনরায় বগুড়া শহরে ফিরে রাতযাপন করবেন।
ইতোমধ্যেই বিএনপির সাবেক চেয়ারপার্সনের উপদেষ্টা মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, আলী আজগর হেনা, এমআর ইসলাম স্বাধীন, জেলা মহিলা দলের নাজমা আক্তার, জয়নাল আবেদিন চাঁন, অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেছেন, আমরা জনসভা এবং ভোটকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।
জেলা বিএনপি সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর আগামী ২৯ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে একনজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন। দলীয় নেতাকর্মীসহ বগুড়াবাসী তাঁকে বরণ করতে মুখিয়ে আছেন। গত ১১ জানুয়ারি উত্তরাঞ্চল সফরের কর্মসূচি ছিল। পরবর্তীতে তা নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত ঘোষণা করে বিএনপি।
তার আগমনের সংবাদ আবারও শুনে বগুড়ায় উৎসবের আমেজ বইতে শুরু করেছে। প্রিয় নেতাকে বরণ করতে অপেক্ষার প্রহর গুণছেন নেতাকর্মী ও জনগণ।
আমন্ত্রণ/এজি
দীর্ঘ ১৯ বছরের অপেক্ষা শেষে বৃহস্পতিবার পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান
জানুয়ারি ২৯, ২০২৬


































