মো. সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিবেদক :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্পাদনের সময় ভুয়া সার্টিফাইড কপি (অবিকল নকল) ব্যবহার করার অভিযোগে এক দালালকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন হরিপুর উপজেলার আব্দুর রহিমের পুত্র মজিবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে সার্টিফাইড কপি তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান, পৌর শহরের মোকলেসুর রহমান (৮০) নামের এক জমি বিক্রেতা এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদনের জন্য কার্যালয়ে আসেন। কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় একটি দলিলের সার্টিফাইড কপিতে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করা হয়। প্রমাণ পাওয়া গেলে জমি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সার্টিফাইড কপি সরবরাহকারীর পরিচয় নিশ্চিত করা হয় এবং পরে মজিবুর রহমানকে অফিসে এনে আটক করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। তিনি বলেন, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আমন্ত্রণ/এজি


































