আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসমুশ সাখির বাবলুকে তার পদ থেকে বরখাস্ত করে পদটি শূন্য ঘোষণা করেছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার উপ-সচিব হেলেনা পারভীন ২০ জুলাই স্বাক্ষরিত ৪৬০০.২৭০০.০০০.০১৭.২৭.০০০৪.২৪ (অংশ-১)-১৯৮ স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসমুলশ সাখির বাবলুর পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই ইউনিয়ন পরিষদের ১০ জন ইউপি সদস্যের আনিত অনাস্থা প্রস্তাব এবং তার বিরুদ্ধে অসদাচরণ, উন্নয়নমূলক কাজে অনিয়ম, হোল্ডিং ট্যাক্স আদায়ের অর্থ পরিষদের তহবিলে জমা না দেওয়া, সদস্যদের সম্মানিত ভাতা বকেয়া রাখাসহ প্রয়োজনীয় আর্থিক নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হওয়ার মতো একাধিক অভিযোগ আনা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ফুলবাড়ী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমানকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ওই কৃষি কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ সভায় ইউনিয়ন পরিষদের সদস্যরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনাস্থা প্রস্তাবের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন।
পরবর্তীতে ইউপি সদস্যদের অনাস্থা প্রস্তাব ও আনিত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দিনাজপুর জেলা প্রশাসকের সুপারিশের ভিত্তিতে সরকার অনাস্থা প্রস্তাবটি অনুমোদন করেন। ফলে একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলবাড়ীকে শূন্য পদ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান বলেন, গত বছর বিষয়টি তদন্ত করা হয়েছে। ২০ এপ্রিল মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ‘আমরা প্রক্রিয়ার মাধ্যমে এগুচ্ছি, আইনের বাইরে কেউ নয়।’
আমন্ত্রণ/এজি
































