আজহার ইমাম, বিরামপুর (দিনাজপুর) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।
সোমবার সন্ধ্যায় বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহধর্মিণী ডা. শরিফা করিম ঝর্ণা। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা ও উপজেলা নির্বাচন অফিসার জোবায়ের হোসেনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন সম্পন্ন হয়।
মনোনয়ন উত্তোলনের সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় বিএনপির নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনকে বেগবান করতে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনের বিকল্প নেই। তাঁরা আরও বলেন, তিনি একজন সৎ, দক্ষ ও জনগণের আস্থাভাজন নেতা। দিনাজপুর-৬ আসনের সর্বস্তরের জনগণ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এজি


































