আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মানাস নদীর ওপর একটি সেতুর রড কেটে বিক্রির অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন সরেজমিনে তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এলজিইডির বগুড়া জেলার নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত সুপারিশপত্র পাঠান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোসাইবাড়ি সাতমাথা-জোড়শিমুল সড়কের মানাস নদীর ওপর নির্মাণাধীন সেতুর রড কেটে স্থানীয় কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি করে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীরা। রড পরিবহনের সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে উপজেলা প্রকৌশলীকে খবর দেন। এর আগে গত ২০ সেপ্টেম্বর একইভাবে সেতুর রড কেটে বিক্রির অভিযোগ উঠেছিল, কিন্তু তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলজিইডি সূত্রে জানা যায়, মানাস নদীর কুটির ঘাট এলাকায় নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য ৬০ মিটার ও প্রস্থ ৭.৩১ মিটার। এটি ১২৮টি পাইলিংয়ের ওপর নির্মিত হচ্ছে। কাজের দায়িত্ব পেয়েছে ‘ইথেন এন্টারপ্রাইজ লিমিটেড’ নামের ঠিকাদার প্রতিষ্ঠানটি। গত ১২ মার্চ কার্যাদেশ দেওয়া হয় এবং ১৯ মার্চ থেকে কাজ শুরু হয়। প্রতিটি পাইলিংয়ের দৈর্ঘ্য ১৫ মিটার, যা পুরোপুরি মাটির নিচে স্থাপন করার কথা ছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, পাইলিংয়ের পুরো অংশ না ঢুকিয়ে মাত্র ১০ থেকে ১২ মিটার পর্যন্ত মাটির নিচে প্রবেশ করানো হয়েছে। উপরের অংশ ভেঙে রড বের করে বিক্রি করছে প্রতিষ্ঠানটির লোকজন। এছাড়া নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সেতুর স্থায়িত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আলমগীর হোসেন বলেন, আমাদের প্রকৌশলীর পরামর্শেই কিছু রড বিক্রি করা হয়েছে। তবে ওই প্রকৌশলী মাহফুজুল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন বলেন, নির্মাণাধীন সেতুর রড কাটা বা বিক্রির কোনো সুযোগ নেই। স্থানীয়দের অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়েছি। ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে ৬ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলজিইডির তদন্তে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন
নভেম্বর ১০, ২০২৫


































