মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী সেলিনা পারভীনকে থানা পুলিশ গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে শনিবার (১১ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, সীমান্তবর্তী বিরামপুর উপজেলা সদরে মাদকের আগ্রাসন ঠেকাতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিরামপুর মাদক প্রতিরোধ কমিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে। ও্ই কমিটির এক সময়ের সভানেত্রী ছিলেন সেলিনা পারভীন (৪৬)। কিন্তু সময়ের ব্যবধানে তিনি নিজেই জড়িয়ে পড়েন মাদক বিক্রির কাজে।
বিরামপুর শহরের ছাগলহাটি এলাকায় গাঁজা বিক্রির সময় শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশ তাকে ২১ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির ৯৬০ টাকাসহ হাতেনাতে আটক করেছে। মৃত. সাদেক আলীর মেয়ে সেলিনা পারভীন পৌর এলাকার হাতিডুবা (নয়াপাড়া) মহল্লার বাসিন্দা।
অপরদিকে, পুলিশের পৃথক একটি দল সীমান্তবর্তী উত্তর দাউদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়াকে (৩৫) আটক করেছে। তিনি উপজেলার পশ্চিম বৈদাহার গ্রামের তহিরুদ্দিনের ছেলে।
বিরামপুর থানার (ওসি) মমতাজুল হক বলেন, আটককৃত দুইজনের নামে থানায় পৃথক মামলা হয়েছে এবং শনিবার তাদেরকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
মাদক প্রতিরোধ কমিটির সাবেক সভানেত্রী গাঁজাসহ আটক
অক্টোবর ১২, ২০২৫


































