আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বাড়ি থেকে নিখোঁজের ১৫ ঘণ্টা পর শাহারা খাতুন (৮০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে স্বজনরা।
রোববার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহারা খাতুন ওই গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন শাহারা খাতুন দীর্ঘদিন ধরে ছেলের পরিবারের সঙ্গে নিজ বাড়িতে বসবাস করছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন, পরে স্বজনরা খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনতেন। শনিবার বিকেল ৪টার দিকে পরিবারের অগোচরে আবারও নিখোঁজ হন তিনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে রোববার সকালে বাড়ির পাশের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে পরিবারের সদস্যরা গিয়ে মৃতদেহটি উদ্ধার করেন।
ধুনট থানার এসআই হায়দার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে নিখোঁজের ১৫ ঘণ্টা পর পুকুরে ভাসমান অবস্থায় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
অক্টোবর ৬, ২০২৫


































