দৈনিক আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
ঈদের ছবি কয়টি? প্রতিবার ঈদ এলেই এমন প্রশ্নটি ওঠে। কারণ শুরুতে অনেক নাম শোনা যায়; কিন্তু সময় যত ঘনিয়ে আসে, ততই নানা জটিলতায় পড়ে কমতে থাকে সিনেমার সংখ্যা। ব্যতিক্রম হয়নি আসন্ন রোজার ঈদের সিনেমার ক্ষেত্রেও। রোজা শুরু হওয়ার পর থেকেই ঈদের ছবি হিসেবে শোনা যাচ্ছে ১৩টির নাম। এরই মধ্যে অনেক ছবির প্রযোজক-পরিচালক ফেসবুকে এমনকি সংবাদ সম্মেলন করেও ঘোষণা দিয়েছেন- ঈদুল ফিতরেই আসবে তাদের ছবি। এবারের ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলো হলো- রাজকুমার, দেয়ালের দেশ, লিপস্টিক, ওমর, কাজলরেখা, মেঘনাকন্যা, সোনার চর, মায়া-দ্য লাভ, জ্বীন ২, পটু, ডেডবডি, আহারে জীবন ও গ্রিনকার্ড।
তবে মুখে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিলেও শেষমেশ পাল্টে যাচ্ছে ঈদের ছবির হিসাব-নিকাশ। কারণ এক শাকিব খানের ‘রাজকুমার’ ছবিটিই দখল করে নিয়েছে প্রায় সব সিনেমা হল। বর্তমানে সিনেমা হলের সংখ্যা ৫০-এরও কম। প্রদর্শক মালিকদের মতে, সারা দেশে মাত্র ৪৬টি প্রেক্ষাগৃহ সচল রয়েছে। আর ঈদ উপলক্ষে বন্ধ থাকা প্রায় ১০০ সিনেমা হল খোলা হয়; কিন্তু প্রায় দেড়শ সিনেমা হলের ১০০-রও বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার ছবিটি। বাকি ছবিগুলো গড়ে ৮টি প্রেক্ষাগৃহও পাচ্ছে না। অন্যদিকে সিনেমা হল মালিকরা এক ঈদে এত ছবি মুক্তি দেওয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘সবাই ঈদে সিনেমা মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছেন; কিন্তু আমাদের দেশে এত সিনেমা হল কোথায়? ছবিগুলো কোথায় চলবে। এটা নিয়ে কেউ ভাবছেন না। রোজার ঈদ ও কোরবানির ঈদের সিনেমা থাকলে বাকি কয়েক মাস সিনেমা হল ফাঁকা হয়ে থাকবে। তখন আমরা কী সিনেমা চালাব।’
বিষয়টি নিয়ে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘ঈদের সময়টাতে ছবি মুক্তি দেওয়া উন্মুক্ত। কারণ ঈদ ছাড়া সিনেমা চলছে না। তাই ঈদেই ছবি মুক্তি দিয়ে ব্যবসা করতে চান; কিন্তু এতে হিতে বিপরীতও হয়। এতে অনেক সিনেমার ভিড়ে কিছু সিনেমা দর্শকের কাছ পর্যন্ত যেতে পারে না। দিনশেষে ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। প্রযোজক সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের ২৯ জেলায় কোনো সিনেমা হল নেই। এতগুলো সিনেমা কোথায় চলবে। শাকিব খানের রাজকুমার সিনেমা বেশির ভাগ প্রেক্ষাগৃহে চলবে। বাকি সিনেমাগুলো তো বেশি হল পাবে না। তাই ধীরে-সুস্থে চিন্তা করে প্রযোজক ও নির্মাতাদের সিনেমা মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। এতে ইন্ডাস্ট্রির উপকার হবে।’
দেশে নিয়মিত সিঙ্গেল স্ক্রিন চালু রয়েছে ৭০টি। ঈদের সময় এই তালিকা বেড়ে হয় ১৫০টির মতো। এর মধ্যে সিনেপ্লেক্স রয়েছে ৭টি, ব্লকবাস্টার সিনেমা ১টি, লায়ন সিনেমা ১টি, সিলভার স্ক্রিন ১টি। চলচ্চিত্র পরিবেশক অভি কথাচিত্রের অভি বলেন, ‘ঈদের সময় প্রায় ১৫০টি সিনেমা হল চালু থাকবে। এর মধ্যে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমাটি প্রায় শতাধিক প্রেক্ষাগৃহে চলবে। এ ছাড়া আমি নিজে চারটি সিনেমার পরিবেশনার সঙ্গে যুক্ত আছি। বলা যায়, ঈদের সিনেমার ব্যবসা নিয়ে কিছুটা শঙ্কিত।’
ঈদের মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকা জেনে অবাকই হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মতিন রহমান। তিনি বলেন, তবে কি ঈদ ছাড়া সিনেমা চলছে না? ঈদে এতগুলো ছবি একসঙ্গে মুক্তি পেলে কেউই ভালো ব্যবসা করতে পারবে না। এটা প্রযোজকদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। জেনে-শুনে কেউ যদি সিনেমায় পুঁজি হারাতে চায়, তাহলে কিছুই বলার নেই। আমি মনে করি, তাদের অর্থের প্রতি কোনো মায়া নেই।
এদিকে এসব নানা হিসাব-নিকাশ শেষে এরইমধ্যে ঈদের সিনেমা থেকে সরে এসেছেন বেশ কয়েকটি ছবির নির্মাতা। তারা বলেন, এত টাকা খরচ করে সিনেমা বানিয়ে জেনে-শুনে জলে ফেলার কোনো মানে নেই। মাত্র ৮-১০টি প্রেক্ষাগৃহে মুক্তি দিয়ে লাভের আশা তো দূরের কথা, টাকা তুলে আনার চিন্তা করাও বোকামি। তবে কয়েকটি সিনেমা সরে গেলেও এবার ঈদে ঠিক কতটি সিনেমা মুক্তি পাচ্ছে তা এখনো পরিষ্কার নয়।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন, এবার ঈদে আমাদের ফোকাস বেশি রাজকুমার, ওমর, কাজল রেখা সিনেমাগুলোতে। দর্শকরাও জানে এই সিনেমাগুলো ঈদে আসবে। অনেক সিনেমা আছে, যা ঈদে আসবে বলে আসে না। শুনেছি ১০টির বেশি সিনেমা রিলিজ পাবে। শেষ সময়ে এতগুলো সিনেমা থাকবে না! তবে যেগুলোর হাইপ বেশি দর্শক চাইবে সেগুলো চলবে বেশি।
অন্যদিকে, ঐহিত্যবাহী মধুমিতা সিনেমা হলটি ১৬ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এর কর্ণধার ও সাবেক হলমালিক সমিতির সভাপতি এবং প্রযোজক ইফতেখার নওশাদ জানান, ‘রাজকুমার’ দিয়ে হল খুলবেন। তিনি বললেন, মধুমিতার ৫৫ বছরের ইতিহাসে সর্বাধিক আয়করা সিনেমাগুলোর মধ্যে ‘প্রিয়তমা’ এগিয়ে। একই টিমের সিনেমা ‘রাজকুমার’। সুতরাং এ ছাড়া কোনো ওয়ে নেই। শাকিবের বেশ কিছু ভক্ত আমাকে ‘রাজকুমার’ চালানোর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। তারা শাকিবের আমেরিকায় স্নো-ফলে দাঁড়ানো এমন কয়েকটি ছবিও দিয়েছে। আমি নিজেও তা দেখে মুগ্ধ। তাই আমি ‘রাজকুমার’ দেখাব।

































