বগুড়া ব্যুরো:
বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে হেরোইন নিয়ে যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় এদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় একটি প্রাইভেট কার ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা রণবাঘা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের রবিউল ইসলাম ভোটের ছেলে এবং খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহম্মেদ সবুজ (২৮), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মোঃ শিবলু (২৮), এবং বেতগাড়ি লিচুতলা এলাকার শেখ রিয়াজুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (২৮)। এদের মধ্যে যুবদল নেতা শামীম আহম্মেদ সবুজ শাজাহানপুর উপজেলার চিহ্নিত মাদক কারবারি।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া বগুড়া ডিবি পুলিশের এসআই আরিফ মোবাইল ফোনে বলেন, রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে বগুড়ায় ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলা রণবাঘা এলাকা থেকে সবুজসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায় কয়েক মাস আগেও সবুজ ২০০ গ্রাম হেরোইনসহ র্যাব-১২ বগুড়ার হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তবে এর কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন। এর আগেও পুলিশের হাতে কয়েকবার গ্রেপ্তার হয়েছেন সবুজ। তবে প্রতিবারই গ্রেপ্তারের কিছুদিনের মধ্যেই জামিনে মুক্ত হয়ে আবারও মাদকের কারবারে নামেন তিনি।
আমন্ত্রণ/এসিজি


































