আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুনের বিরুদ্ধে সরকারি অনুদানের গরু বিতরণে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্ণিদাস আদিবাসী উন্নয়ন সংস্থার সদস্যরা।বুধবার (৯ জুলাই) দুপুর ১২টায় ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি নিখিল চন্দ্র বানাই, দুথি রাম চন্দ্র বানাই, আলো রানী, ধীরেন্দ্র বানাই, সন্ধ্যা রানী, নীলমণি চন্দ্র বানাই, লক্ষ্মী রানী, পলান চন্দ্র বানাই, অতুল চন্দ্র বানাই, ববিতা রানী, তাপসী রানী মালো, ভোলা চন্দ্র মালো ও দীপালী চন্দ্র মালো প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, প্রকৃত আদিবাসীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে কিছু ব্যক্তিকে গরু বরাদ্দ দেওয়া হয়েছে। এতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন বলেন, “মাত্র ৩৪টি গরু বরাদ্দ পাওয়া গেছে। আগামী ১৭ জুলাই গরু বিতরণের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। কিন্তু চাহিদার তুলনায় এই বরাদ্দ খুবই কম, তাই সবাইকে দেওয়া সম্ভব হয়নি। তাছাড়া যারা মানববন্ধন করেছেন, তাদের অনেকেরই আদিবাসী সংক্রান্ত সঠিক কাগজপত্র নেই।”
এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, বিতরণে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
আমন্ত্রণ/এসিজি
ধুনটে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে আদিবাসীদের মানববন্ধন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ
জুলাই ১০, ২০২৫
































