আমন্ত্রণ ডেস্ক :
গ্রাম পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা এবং চাকরি স্থায়ীকরণের বিষয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে আপিল করেছিল তার নিষ্পত্তি চান গ্রাম পুলিশ সদস্যরা। পাশাপাশি রায়ের বাস্তবায়নও চান তারা। এসব বিষয়ে উল্লেখ করে প্রধান বিচারপতি বরাবরে স্মারকলিপি দিয়েছে গ্রাম পুলিশ। রোববার (১৮ আগস্ট) দুপুরে তারা প্রধান বিচারপতির বাসায় উপস্থিত হয়ে এই স্মারকলিপি দেন।
এর আগে গ্রাম পুলিশের বিভিন্ন সদস্যরা ঢাকায় এসে জড়ো হন। তারা দুপুরের দিকে কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে রাখেন এবং বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেন। এরপর তারা প্রধান বিচারপতির বাসায় যান এবং তাকে স্মারকলিপি দেন।
গ্রাম পুলিশ সদস্যদের এই আন্দোলনে নেতৃত্বদানকারী উজ্জ্বল খান ঢাকা মেইলকে বলেন, ২০১৯ সালে আদালত আমাদের পক্ষে রায় দিয়েছিল। আমরা সরকারের বিভিন্ন কাজে সহায়তার পাশাপাশি গ্রামগুলো নিরাপত্তার দায়িত্বে কাজ করি। কিন্তু আমাদের বেতন ভাতা সুযোগ-সুবিধা খুব কম। এসব বিষয় উল্লেখ করে আমরা ২০১৭ সালে একটি রিট করেছিলাম। আইন অনুযায়ী জাতীয় বেতন স্কেল অনুযায়ী আমাদের সকল সুবিধা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। পরবর্তী সময়ে সরকারপক্ষ এর রায়ের বিরোধিতা করে আপিল করে। যার নিষ্পত্তি এখনো হয়নি। আমরা চাই এটি দ্রুত নিষ্পত্তি করা হোক। পাশাপাশি হাইকোর্ট যে রায় দিয়েছে সেটির বাস্তবায়ন চাই আমরা।
গ্রাম পুলিশ সদস্যরা জানান, আইন অনুযায়ী আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল মহল্লাদার ও দফাদাররা সরকারের সকল সুযোগ-সুবিধার হকদার। আমরা বাংলাদেশের ৪৬ হাজার গ্রাম পুলিশ, ৪৬ হাজার পরিবার খুবই কষ্টের সাথে মানবেতর জীবন-যাপন করছি। কারণ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উল্লিখিত আপিলটি দীর্ঘদিন ধরে তালিকায় রয়েছে। যা এখনো চলমান প্রক্রিয়ায়৷ বিধায় আমরা সকল সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।
আমন্ত্রণ/এসিজি
গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধার বিষয়ে হাইকোর্টের রায়ের বাস্তবায়ন চায় গ্রাম পুলিশরা
আগস্ট ১৯, ২০২৪


































