মো. হায়দার আলী, পঞ্চগড় প্রতিবেদক :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে ৯৬০ বস্তা সার মজুদের অভিযোগে শুক্রবার (২০ জুন) দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার শালবাহান ও তিরনইহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন খুচরা সার ব্যবসায়ী ও একজন বিএডিসি সার ডিলারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনা করেছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
ভ্রাম্যমাণ আদালত ও তেঁতুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, কালান্দিগঞ্জ রোড বাজারের খুচরা সার ব্যবসায়ী রবিউল ইসলামের গুদাম থেকে ১০০ বস্তা এমওপি, লাইসেন্সবিহীন ব্যবসায়ী সেলিম উদ্দিনের গুদাম থেকে ১৭ বস্তা ইউরিয়া ও ১০৮ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যে তিরনই বাজারের মেসার্স ফারুক ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে কোনো বৈধ কাগজপত্র না থাকায় ৩১১ বস্তা এমওপি, ১১৫ বস্তা ডিএপি ও ৩০৯ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এসব সারগুলোর বাজারমূল্য প্রায় ৯ লাখ ৫৯ হাজার টাকা।
অভিযানে রবিউল ইসলাম, সেলিম উদ্দিন ও রাসেল রানাকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএডিসি অনুমোদিত ডিলার ‘মেসার্স সালমা এন্টারপ্রাইজ’-এর মালিক আব্দুল বাসেতকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস সার জব্দসহ অন্যান্য তথ্য মোবাইল কোর্টে প্রসিকিউশন হিসেবে দাখিল করেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, কোনো ব্যবসায়ী যেন অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা সজাগ দৃষ্টি রেখেছি। অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আমন্ত্রণ/এসিজি
তেঁতুলিয়ায় ৯৬০ বস্তা সার জব্দ, চার ব্যবসায়ীকে জরিমানা
জুন ২১, ২০২৫
































