বগুড়া ব্যুরো ও সোনাতলা প্রতিবেদক :
বগুড়ার সোনাতলায় বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশ অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে পুলিশ নিজ নিজ এলাকা থেকে তাদেরকে আটক করেছে। দুপুরে তাদেরকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলো- উপজেলার মধুপুর ইউনিয়নের হরিখালি বাজার এলাকার মৃত দবির হোসেন মন্ডলের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিঠু মন্ডল, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও পাঠানপাড়া গ্রামের মৃত মোজাহার হোসেন আকন্দের ছেলে ইউপি সদস্য মশিউর রহমান সেলিম এবং একই ইউনিয়নের মহিচরন গ্রামের আব্দুল আলিম দুলার ছেলে ইউপি যুবলীগের আহবায়ক লালন মিয়া।
জানা যায়, ২০১৫ সালে ১০ ফেব্রæয়ারি সোনাতলা উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ এনে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর বিএনপি নেতা জহুরুল ইসলাম সেফা মন্ডল বাদি হয়ে ১৩০ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন। মিঠু মন্ডল এ মামলার ৩১নং আসামী। এছাড়াও মিঠুর নামে আরো একটি মামলা রয়েছে। মশিউর রহমান সেলিম ৮১নং ও লালন মিয়া এ মামলার ৮৬নং আসামী।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, আটককৃত তিন ব্যক্তি অত্র থানার এজাহার নামীয় আসামী। তাদেরকে আজ পুলিশ হেফাজতে আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































