বগুড়া ব্যুরো :
বগুড়ার মোটরশ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলায় জড়িতদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের সময় বেঁধে দিয়ে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে আজ বুধবার (১৯ মার্চ) বেলা ২টার পর থেকে সব রুটে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে।
শহরের স্টেশন রোডে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে সমাবেশে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল। তিনি বলেন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলীর ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের আগামী তিন দিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। প্রশাসনও আশ্বস্ত করেছে। ইতোমধ্যে পুলিশ একজনকে আটক করেছে। এ জন্য শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয়। তিন দিনের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে না পারলে পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা জানানো হয় সমাবেশ থেকে।
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বিরোধ থামাতে গিয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা সদস্য হযরত আলী হামলার শিকার হন। এই হামলার জের ধরে বুধবার সকাল থেকে পরিবহনশ্রমিকরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। হঠাৎ পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়ে। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যে যেতে পারছেন না।
এ ঘটনায় আজ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে পরিবহনশ্রমিকরা স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের দুটি আড়তে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এদিকে মঙ্গলবার দুইজন পরিবহন শ্রমিক নেতার ওপর হামলার পর বুধবার শহরের স্টেশন রোডে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রাখেন।
বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্ব প্রাপ্ত সাধারন সম্পাদক এরশাদুল বারী এরশাদ বলেন, শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন যার কারণে বগুড়া থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া কর্মবিরতির কারণে যাত্রীদের ভোগান্তি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, উত্তরবঙ্গের অন্য জেলা থেকে ছেড়ে আসা দুর পাল্লার বাস গুলো চলাচলে শ্রমিকরা বাঁধা দিচ্ছেন না।
বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু বলেন, আমাদের শ্রমিক নেতাদের উপর হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছি। এর কঠোর বিচার চাই। নইলে সংগঠন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে। দুইজন পরিবহন শ্রমিক নেতার ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে। এঘটনায় এখনও মামলা হয়নি।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার বাস চলাচল স্বাভাবিক
মার্চ ১৯, ২০২৫


































