বগুড়া ব্যুরো
বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতার মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার সীমাবাড়ী বাজার হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সোলেমান আলী (৫২) সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক। তাকে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শেরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ তার নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় বের হলে কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা এলাকায় হামলার শিকার হন। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে, রামদা দিয়ে গাড়ি ভাঙচুর করে এবং নেতাকর্মীদের মারধর করে গুরুতর আহত করে। এছাড়া, ছয়টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ গত ১৫ নভেম্বর শেরপুর থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন, যেখানে আরও অজ্ঞাতনামা আসামিদের অন্তর্ভুক্ত করা হয়।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মামলার এজাহারে গ্রেফতার ব্যক্তির নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































