বগুড়া ব্যুরো:
মানসম্মত স্বাস্থ্যসেবা ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে বগুড়ায় যাত্রা শুরু করছে আন্তর্জাতিক মানের ‘এসআর হেলথ কমপ্লেক্স’।বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের যৌথ বিনিয়োগে নির্মাণাধীন এই প্রতিষ্ঠান স্বাস্থ্যখাতে এক নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার বিকেলে (২০ নভেম্বর) বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী বনানী এলাকায় এসআর গ্রুপের চেয়ারম্যান ও বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজ আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবের আমেজ।
গোলাম মো. সিরাজ জানান, প্রায় এক বিঘা জমির ওপর নির্মিত এই প্রতিষ্ঠানে বার্ষিক লভ্যাংশের ৫০ শতাংশ ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে। পাশাপাশি প্রতি মাসে অন্তত ১০০ জন অস্বচ্ছল কিডনি রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দেওয়া হবে।
এসআর হেলথ কমপ্লেক্সে থাকবে সর্বাধুনিক হাইটেক মেডিকেল যন্ত্রপাতি, টেস্ট অফ-দ্য আর্ট প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও পেশাদার স্বাস্থ্যকর্মী। তিনি বলেন, “মুনাফা নয়—মানসম্মত স্বাস্থ্যসেবা ও মানুষের কল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। এই কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলে শুধু বগুড়াই নয়, পুরো উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, গোলাম মো. সিরাজের ভাই গোলাম রসুল হেলাল, ড্যাব বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক নাহিদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, বিএমএ বগুড়ার সভাপতি ডা. আজফারুল হাবিব রোজ, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আব্দুল মুহিত তালুকদার, বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, আসিফ সিরাজ রব্বানী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অনেকে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের যৌথ বিনিয়োগ
নভেম্বর ২১, ২০২৫


































