রিমন আহমেদ, সোনাতলা (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার সোনাতলায় অধ্যক্ষসহ ৬ শিক্ষক-কর্মচারী কলেজ ফাঁকি দিয়ে একটি কিন্ডারগার্টেন স্কুলের সাথে বনভোজনে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে হতাশ হয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সোনাতলার হরিখালি টেকনিক্যাল এন্ড বিএম কলেজে।
যাদের নামে অভিযোগ উঠেছে তারা হলেন, কলেজটির অধ্যক্ষ মো.আশরাফুল ইসলাম, ইংরেজি প্রভাষক মোছা. খালেদা আফরিন,ল্যাব এসিস্ট্যান্ট মো.এনামুল হক,কম্পিউটার ডেমোনেষ্ট্রেটর আব্দুল ওয়াহাব,সহ গ্রন্থাগার মো. আনারুল ইসলাম ও অফিস সহকারি মো.সাজেদুর রহমান জুয়েল।
জানা যায়, সোনাতলার হরিখালি টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হয়। কলেজটির অফিস সহকারী(এমপিও ভুক্ত) মো.সাজেদুর রহমান জুয়েল ওই কলেজের সাথেই হরিখালি প্রিপারেটরি নামে একটি কেজি স্কুল প্রতিষ্ঠা করেন। এলাকাবাসির অভিযোগ ওই কেজি স্কুলের বার্ষিক বনভোজনে কলেজের অধ্যক্ষসহ ৬ শিক্ষক-কর্মচারী নিয়ম-নীতি তোয়াক্কা না করে ওই বনভোজনে অংশগ্রহণ করে রংপুরের ভিন্নজগতে যান। বিষয়টি নিয়ে হরিখালী এলাকায় সচেতন মহলের মাঝে নিন্দার ঝড় উঠেছে।
বিষয়টির ব্যাপারে অন্যান্য শিক্ষক কর্মচারীরা জানান, তারা কলেজের অধ্যক্ষের কাছ থেকে মৌখিক ছুটি নিয়েছেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিককে মৌখিকভাবে জানিয়ে বনভোজনে অংশগ্রহণ করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক জানান, ওই কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম লিখিত বা মৌখিক কোনভাবেই ৬ ফেব্রুয়ারি ছুটি নেননি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় কলেজ ফাঁকি দিয়ে বনভোজনে গেলেন অধ্যক্ষসহ ৬ শিক্ষক-কর্মচারী
ফেব্রুয়ারি ৭, ২০২৫


































