বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে আলুক্ষেতে হঠাৎ করেই ‘উইল্ড’ (আলু গাছ ঢলে পড়া) রোগ দেখা দিয়েছে। এতে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন। তবে কৃষি বিভাগ বলছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এ রোগে আক্রান্ত আলু গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করতে হবে। না হলে পুরো জমিতে ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে উপজেলার শিবগঞ্জ উপজেলার কিছু এলাকায় এই রোগ দেখা দিয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার ১৮ হাজার ৪০০হেক্টর জমিতে এবার আলু চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে ১৯ হাজার চারশ হেক্টর জমিতে। ইতোমধ্যে ৬২০ হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে। এতে গড় ফলন হয়েছে ১৬ মেট্রিক টন। গত বছর আলু উৎপাদন ও বিক্রি করে লাভ বেশি হওয়ায় এ অঞ্চলের চাষিরা এবছর বেশি জমিতে আলুর চাষ করেছেন। কিন্তু ‘উইল্ড’ রোগ দেখা দেওয়ায় তারা পড়েছেন চরম বিপাকে।
শিবগঞ্জ ইউনিয়নের মেদিনীপাড়া এলাকার আলুচাষি জয়নাল মিয়া বলেন, ‘আমি চার বিঘা জমিতে স্টিক জাতের আলুর চাষ করেছি। জমির মাঝে মাঝে আলুগাছ নেতিয়ে পড়ে মরে যাচ্ছে। এমন রোগ এর আগে কখনও আলুক্ষেতে দেখিনি। দিন দিন এ রোগের প্রকোপ বাড়ছে। আমরা ফলন নিয়ে চিন্তিত হয়ে পড়েছি।
একই এলাকার কৃষক আজমল হোসেন বলেন, ‘৩০ দিন আগে আলু রোপণ করেছি। আলুর গাছগুলা দেখে মনে হচ্ছিলো ফলন ভালো হবে। কিন্তু আলুগাছ মাঝে মাঝে নেতিয়ে পড়েছে। ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। সরেজমিনে দেখা যায়, মেদিনীপুর গ্রামের আলুচাষি আকবর আলী জমিতে ছত্রাকনাশক ওষুধ ছিটাচ্ছেন। ঠিক কী কারণে আলুগাছ মরে যাচ্ছে তা তিনি জানেন না। তিনি বলেন, এ রোগের কারণে আলুগাছ মরে যাচ্ছে। এমনিতেই এবার আলুর দাম কম, কী হবে আমাদের ভাগ্যে বুঝতে পারছি না।
এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমি ওই এলাকা পরিদর্শন করে হাতে গোনা কিছু জমিতে এ রোগের উপস্থিতি পেয়েছি। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।
তিনি বলেন, ব্যাকটেরিয়াল উইল্ড একটি মাটিবাহিত রোগ। এ রোগের জীবাণু শিকড়ের ক্ষতস্থান দিয়ে গাছে প্রবেশ করে এবং পানি-পরিবহন নালীর মধ্যে বংশ বিস্তার করে নালী পথ বন্ধ করে দেয়। ফলে পাতা ও গাছ সবুজ অবস্থায় নেতিয়ে পড়ে। এভাবে কয়েক দিনের মধ্যে সবুজ অবস্থাতেই গাছটি মরে যায়। এ রোগাক্রান্ত গাছ দেখা মাত্র তুলে ধ্বংস করতে হবে। তিনি বলেন, আলুচাষিদের এ অবস্থা থেকে পরিত্রাণের কৃষি বিভাগের মাঠকর্মীরা কাজ করছেন।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার শিবগঞ্জে আলুক্ষেতে ‘উইল্ড’ রোগের প্রার্দুভাব, কৃষক চিন্তিত
জানুয়ারি ২১, ২০২৫

































