বগুড়া ব্যুরো :
দেশে প্রথমবারের মতো বগুড়ায় মধুর হাটের উদ্বোধন করা হয়েছে। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) উদ্যোগে সোমবার (১৩ জানুয়ারি) একাডেমির আইসিটি ভবনে বাংলাদেশে মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা।
অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক সুষ্মিতা তাসনীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ, একাডেমির যুগ্ম পরিচালক (প্রশাসন) দেলোয়ার হোসেন, বগুড়ার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মতলবুর রহমান, হাজী মোহাম্মদ দানেস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. সাজ্জাদ হোসেন সরকার ও একাডেমির উপপরিচালক রেবেকা সুলতানা।
সেমিনারে বাংলাদেশের সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট, নিরাপদ খাদ্য অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ, বিএসটিআই এর প্রতিনিধি, উদ্যোক্তা, মৌ-চাষী ও সুধীজন অংশগ্রহণ করেন।
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা বলেন, বাংলাদেশের এই প্রথম মধুর হাট উদ্বোধন করা হল। হাটটি সপ্তাহের প্রতি সোমবার আরডিএ-এর হোলসেল মাকের্টে বসবে। তিনি আরো জানান, একাডেমির কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট সংলগ্ন মধুর হাট হতে কাঁচা মধু পাইকারি ক্রয় করে দেশের বড় বড় খাদ্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানি প্রক্রিয়াজাতকরণ করে বাজারে আনবে। এতে করে বিদেশি মধু বাজারজাতকরণ কোম্পানির উপর নির্ভরশীলতা কমবে। ফলশ্রুতিতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে নিরাপদ ও খাঁটি মধু হাতের নাগালে পাবে।
আমন্ত্রণ/এসিজি


































