আমন্ত্রণ প্রতিবেদক, নবাবগঞ্জ :
দিনাজপুরে সরকারি কোনো নিয়মনীতি তোয়াক্কা না করেই গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। এসব ইটভাটার মধ্যে চালু রয়েছে ২৪১টি। যার ১৭৫টি ইটভাটারই নেই কোনো বৈধতা। মাত্র ৬৬টি ইটভাটা চলছে সরকারি অনুমোদন নিয়ে। এদিকে অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। গত তিন দিনে দিনাজপুরে ৯টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই অভিযান চালাতে গিয়ে দ্বিতীয় দিনে হামলারও শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, হিমালয় পর্বত থেকে পানির সঙ্গে বেয়ে আসা পলিমাটি তৈরি হতে ৫০ থেকে ১০০ বছর সময় লাগে। এই পলিমাটি আমাদের কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ। কিন্তু এই পলিমাটি এখন ব্যবহার হচ্ছে ইটভাটাসহ রাস্তা ভরাট, বাড়ির আঙিনা ইত্যাদি কাজে। কৃষিজমিতে ইটভাটা নির্মাণের অনুমতি কৃষি বিভাগ থেকে দেওয়া হবে না। কৃষিজমিতে ইটভাটা করলে কৃষিজমির ফলন হ্রাস পায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন এই কর্মকর্তার এই বক্তব্য এখন শুধু কথায়ই রয়েছে। কৃষিনির্ভর এই জেলায় যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। সরকারি কোনো নিয়মনীতিকে তোয়াক্কা না করেই যত্রতত্র গড়ে ওঠা এসব ইটভাটা এখন দিনাজপুর জেলায় কৃষির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আইন-কানুনের তোয়াক্কা না করে উর্বর কৃষিজমির ওপর, শিক্ষ প্রতিষ্ঠানের পাশে, ঘনবসতি এলাকায় গড়ে তোলা হয়েছে ইটভাটা। অধিকাংশ ইটভাটায় পরিবেশবান্ধব কয়লার বিপরীতে অবাধে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। ট্রাক্টরের মাধ্যমে আশপাশের এলাকার ফসলি জমির মাটি এনে তৈরি করা হচ্ছে ইট। অবৈধ ইটভাটার কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে মানুষ। দিনে ও রাতের আঁধারে ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে করে বিভিন্ন স্থান থেকে মাটি এনে ইটভাটায় ব্যবহার করছেন ভাটার মালিকরা। পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা বলেন, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গত তিন দিনে দিনাজপুরের ৯টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ভাটাগুলো বুলডোজার দিয়ে ভেঙে বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে এই ৯টি ইটভাটা মালিককে ১৪ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের তৃতীয় দিনে বুধবার দিনাজপুর সদর উপজেলার কিষানবাজার পূর্ব রামপুর এলাকায় দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলামের মেসার্স এমবিএম ব্রিকস এবং একই এলাকার নুর আমীন শাহ গং-এর এমএইচ ইটভাটায় অভিযান চালানো হয়। অবৈধভাবে এই দুটি ভাটা পরিচালনার দায়ে দুই ভাটা মালিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। প্রথম দিনে সোমবার দিনাজপুরের নবাবগঞ্জে ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর দ্বিতীয় দিনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাড়া রাবারড্যাম সংলগ্ন মোকারম হোসেনের মালিকানাধীন এমএইচবি ব্রিকস নামক অবৈধ ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী। এতে ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটদের বহন করা গাড়ির সামনের ও পেছনের দুটি গøাস এবং ভেকুটি ভেঙে দেয় এবং তাদের ওপর হামলা চালায়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুনায়েত আমীন রেজা এবং পুলিশসহ ৬ জন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ বিষয়ে চিরিরবন্দর থানায় মামলা হয়েছে এবং পুলিশ তিনজনকে আটক করেছে।
দিনাজপুরে ২৪১ ইটভাটার মধ্যে ১৭৫টিই অবৈধ
মার্চ ১২, ২০২৪
































