আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
নিউক্যাসেলের বিপক্ষে ৩–৩ গোলের রোমাঞ্চকর এক ড্র করেছে লিভারপুল। ম্যাচে জয় না পেলেও দুর্দান্ত খেলেছেন মোহামেদ সালাহ। জোড়া গোলের পাশাপাশি লিভারপুলের অন্য গোলটিতে সহায়তাও করেছেন মিসরীয় তারকা। তবে শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয় আর্না স্লটের শিষ্যদের।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৫ মিনিটে পিছিয়ে যায় লিভারপুল। দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন আলেক্সান্দার ইসাক। একটু পর আন্তোনিও গর্ডন লিভারপুল গোলরক্ষক কেলেহারকে একা পেয়েও গোল করতে না পারায় ব্যবধান বাড়াতে পারেনি নিউক্যাসল।
দ্বিতীয়ার্ধে অবশ্য আধিপত্যের সঙ্গে লিডও হারায় নিউক্যাসল। ম্যাচের ৫০ মিনিটে সালাহর পাস থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান কার্টিস জোনস। এরপর অল্প সময়ের মধ্যে এগিয়ে যাওয়ার দুটি সুযোগ আসে লিভারপুলের সামনে। তবে কাছাকাছি গিয়েও গোল পাওয়া হয়নি তাদের।
৬২ মিনিটে গর্ডনের দারুণ এক গোলে ফের ম্যাচে লিড নেয় স্বাগতিক নিউক্যাসল। তবে সালাহর জাদুতে দ্রুত লিড হারানোর পাশাপাশি পিছিয়েও পড়ে তারা। ম্যাচের ৬৮ ও ৮৩ মিনিটে গোল করেন সালাহ। এ নিয়ে প্রিমিয়ার লিগে টানা ৭ ম্যাচে ৯ গোল করলে সালাহ। আর সব মিলিয়ে লিগে তার গোল সংখ্যা ১১।
তবে সালাহ–জাদুতে লিভারপুল যখন জয় দেখছিল, তখনই ম্যাচের ৯০ মিনিটে ফ্যাবিয়ান শার গোল করে সমতায় ফেরান নিউক্যাসলকে। এরপর অবশ্য আর কোনো দল গোল পায়নি। রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৩–৩ গোলে।
লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। চেলসিরও ২৮ পয়েন্ট, গোল পার্থক্যে দুইয়ে আছে তারা। ম্যানচেস্টার সিটি ২৬ পয়েন্ট নিয়ে চারে আছে। আসরে পঞ্চম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।
আমন্ত্রণ/এসিজি
নিউক্যাসেলের বিপক্ষে রোমাঞ্চকর ড্র করেছে লিভারপুল
ডিসেম্বর ৫, ২০২৪


































