মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর শহরের রাজবাটী এলাকায় আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা ১৯৮৯ সালে স্থাপিত হয়ে বাংলাদেশের উত্তর অঞ্চলের দরিদ্র ও অধিকার বঞ্চিত মানুষের আর্থিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়ন কাজে সহযোগিতা করছে।
আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমতাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি মো. তমিজ উদ্দীন, প্রতিষ্ঠাতা সদস্য মো. আনিসুর রহমান, মো. এশার আলী, সাধারণ সদস্য ডা. মো. রফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমতাজুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর নিজস্ব ৪২ শতাংশ জায়গার উপর একটি কার্যালয় স্থাপন করা হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অতি দরিদ্র পরিবারের মাঝে ক্ষুদ্রঋণ বিতরণ সহ বিভিন্ন সময় দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, চিকিৎসা সেবা, গৃহায়ন প্রকল্প, সৌর বিদ্যুৎ সহ বিভিন্ন অনুদানভিত্তিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে আল-ফালাহ্ আ’ম উন্নয়ন সংস্থা’র প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন
নভেম্বর ৩০, ২০২৪


































