কাশী কুমার দাস, দিনাজপুর :
দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর জেলার সর্বধর্মীয় ছাত্র-জনতা’র উদ্যোগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের দাবিতে আজ সোমবার (১১ নভেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সর্বধর্মীয় ছাত্র-জনতা রতন কুমার বর্মন, মো. রাকিব, লামিয়া আক্তার, কিশোর রায়, শ্রী রতন কুমার রায়, জিহাদ ইসলাম, অজয় শর্মা, তানিম ইসলাম, রতন চন্দ্র রায়, অর্জুন রায় ও মো. রকিব।
বক্তারা বলেন, গত ৫ আগস্টের পরবর্তী সময় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় তথা বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ও সনাতন সম্প্রদায়ের বাড়ি-ঘরে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বিশেষ করে ঠাকুরগাঁও জেলা অন্যতম। সেই সময় সদ্য নিয়োগপ্রাপ্ত রণজিত কুমার রায় ঠাকুরগাঁও জেলার কোন সনাতনী সম্প্রদায়ের পাশে ছিলেন না এবং তার নিজ নির্বাচনী এলাকার ভাবনাগঞ্জ দুর্গামন্দির ও সতীরঘাট শ্মশান কালি মন্দির ভাংচুরের ঘটনায় তিনি কোন খোঁজ-খবর নিতে আসেননি বা কোন প্রতিবাদও করেন নি। সুতরাং তিনি কিভাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হয়ে হিন্দু সম্প্রদায়ের উন্নয়ন ও সনাতন ধর্মের সুরক্ষায় কাজ করবেন? তাই তার নিয়োগ বাতিল করে সনাতন ধর্মালম্বীতের স্বার্থ সংরক্ষণ, উন্নয়ন ও সুরক্ষার জন্য যিনি কাজ করবেন সেই ব্যক্তিকে ট্রাস্টি নিয়োগ দিতে হবে।
এদিকে দিনাজপুর জেলার সর্বধর্মীয় ছাত্র-জনতা জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর দেওয়া স্মারকলিপিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন তিনি রসুল হত্যাকান্ড, জমি জবর দখলসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। অতএব হিন্দু ধর্র্মীয় কল্যাণ ট্রাস্টের ৩/১১/২০২৪ইং তারিখে নিয়োগপ্রাপ্ত ট্রাস্টি রণজিত কুমার রায়ের ট্রাস্টি পদ বাতিলের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































