বগুড়া ব্যুরো :
বগুড়ার দুটি হত্যা মামলা রাজাপুর ইউপির চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিষদ গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজিবুল ইসলাম রাজু বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউপির চেয়ারম্যান। সম্প্রতি তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজিবুল ইসলাম রাজু বিএনপির সমর্থন নিয়ে ২০১২ সালে রাজাপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে তার নামে নাশকতার কয়েকটি মামলা হয়। পরে তিনি ২০১৪ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। কিন্তু তিনি আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো পদে ছিলেন না।
ওসি এস এম মঈনুদ্দীন জানান, রাজু চেয়ারম্যান বিকালে মাটিডালী এলাকায় উপজেলা পরিষদে আসেন। এ খবর পেয়ে পুলিশ উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। উপজেলা পরিষদ থেকে বের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাজু চেয়ারম্যানের নামে বগুড়া সদর থানায় ৫ আগস্টের পর দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া আগের আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় দুটি হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অক্টোবর ৭, ২০২৪
































