বগুড়া ব্যুরো :
দেশের শিল্প সংস্কৃতি এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১১ এপ্রিল সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠন। দেশের চারটি বিভাগে একসাথে এসব অনুষ্ঠানে দেশের শিল্পিরা অংশগ্রহণ করবেন।
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট’র জন্য ভেন্যু নির্বাচনের লক্ষ্যে বগুড়ার ঐতিহাসিক ‘আলতাফুন্নেছা খেলার মাঠ’ ও ‘সরকারি আজিজুল হক কলেজ খেলার মাঠ’ পরিদর্শন করেছেন সংগঠনটির প্রতিনিধি দল।
আজ শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় ‘সবার আগে বাংলাদেশ’-এর প্রতিনিধি বিশিষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ দলীয় নেতৃবৃন্দ মাঠ দুটি পরিদর্শন করেন।
বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, আমরা ২৪ এর আন্দোলনে বাক স্বাধীনতা পেয়েছি। বাকস্বাধীনতা পাওয়ার পর আমরা দেখতে পেলাম কেউ কেউ বাংলাদেশের বুকে বিজাতীয় সংস্কৃতি পরিবেশন করছেন। বাংলাদেশে একটি কনসার্ট হয়েছে সেখানে পাকিস্তানি সংগীত শিল্পী এসে গান গেয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার সময় ভারতীয় শিল্পীরা বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছে। আমাদের বাংলাদেশী শিল্পীরা কোণঠাসা হয়ে পড়ছে, বাংলাদেশের সংস্কৃতিকে এগিয়ে নিতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই আমরা, বাংলাদেশের ব্যান্ড সংগীত থেকে শুরু করে লোকাল, দেশাত্মবোধকসহ সকল শিল্পীকে নিয়ে সবার আগে বাংলাদেশ এই সংগঠন তৈরি করি। এই সংগঠনের কাজ বাংলাদেশের সংগীত শিল্প ও ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার জন্য। সবার আগে বাংলাদেশ এই সংগঠনটি ঢাকায় একটি সফল অনুষ্ঠান করেছে, সেখানে প্রায় কোটি মানুষের সংমিশ্রণ হয়েছিল। আমাদের ঢাকা সেই অনুষ্ঠানটি প্রায় অনলাইনে দুই কোটির অধিক মানুষ দেখেছে সারা বিশ্বে। তারই অংশ হিসেবে বাংলাদেশের চারটি জায়গায় একসাথে একইভাবে একই রকম অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী ও রংপুর বিভাগ মিলে বগুড়ায়। কনসার্টে ঢাকার সঙ্গীত শিল্পী, রাজশাহী এবং রংপুর অঞ্চলের শিল্পী, কৌতুক অভিনেতা,আবৃত্তিকার থাকবে। রাজশাহী ও রংপুর অঞ্চলের কনসার্ট টিমের প্রধান সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানটির সার্বিক নিরাপত্তার জন্য বগুড়া জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী থাকবে।
বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, অনুষ্ঠানের আশেপাশে পুরো এলাকায় সিসিটিভি আওতায় থাকবে। সবার আগে বাংলাদেশ সংগঠনের নিজস্ব সিকিউরিটি থাকবে প্রায় চার শতাধিক। আমরা আশা করছি এই অনুষ্ঠানটি সফল হবে বিশৃঙ্খলা ছাড়াই।
আমন্ত্রণ/এসিজি
১১ এপ্রিল বগুড়ায় সবার আগে বাংলাদেশের কনসার্ট ভেন্যু পরিদর্শন করলেন প্রতিনিধিদল
মার্চ ২১, ২০২৫
































