আমন্ত্রণ প্রতিবেদক, হিলি :
দিনাজপুরের হাকিমপুরে হিলিতে মাদকসহ ছাত্রলীগ পৌর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়েদ সরকার জিমুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। নিজ বাড়ী থেকে গ্রেপ্তার হওয়া জিমু দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকার বাবু সরকারের ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রজ্জুকৃত মামলার আসামীদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। আজ শনিবার (২৬ অক্টোবর) ভোর রাতে থানায় খবর আসে হাকিমপুর পৌর শাখার ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক জুবায়েদ সরকার জিমু তার নিজ বাড়ীতে অবস্থান করছে।
এসময় থানার পরিদর্শক (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই আরিফুর রহমান, এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্সরা অভিযান চালিয়ে জিমুকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় জিমুর নিজ দখলে থাকা ১০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলার বাদী এসআই আরিফুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় রুজুকৃত মামলা সহ নতুন করে মাদক মামলায় জিমুকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
হাকিমপুরে মাদকসহ ছাত্রলীগ নেতা জিমু গ্রেপ্তার
অক্টোবর ২৬, ২০২৪
































