আমন্ত্রণ ডেস্ক :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট গণসংগীতশিল্পী সত্য ঘোষের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, দিনাজপুর জেলা সংসদের সাভাপতি অধ্যাপক জলিল আহমেদ এবং সাধারণ সম্পাদক সুজন কুমার দে। তাঁর মৃত্যুতে দিনাজপুর তথা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে এক অপুরণীয় ক্ষতি হলো বলে শোকবার্তায় জানিয়েছেন উদীচী নেতৃবৃন্দ।
সত্য ঘোষ ছাত্রাবস্থা থেকেই বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিনাজপুর জেলা সংসদ ও ঢাকা মহানগর সংসদের একজন সক্রিয় কর্মী ছিলেন। পাশাপাশি তিনি প্রগতিশীল বামপন্থী ছাত্র রাজনীতির সাথেও জড়িত ছিলেন। উদীচী’র একনিষ্ঠ কর্মী থেকে পর্যায়ক্রমিকভাবে দিনাজপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। গণসংগীতে তাঁর অসাধারণ দরাজ কণ্ঠের জন্য ‘দিনাজপুরের ভুপেন হাজারিকা’খ্যাতি পেয়েছিলেন।
দীর্ঘদিন ধরে দুরারোগ্য ফুসফুস জনিত জটিল রোগে ভুগছিলেন সত্য ঘোষ।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
আগামীকাল শনিবার ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় দিনাজপুর ফুলতলা শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার আগে সকাল ৯ টায় উদীচী দিনাজপুর জেলা সংসদ কার্যালয়ে তাঁর মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
এছাড়াও সত্য ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, খেলাঘর ও প্রগতি লেখক সংঘ দিনাজপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক জলিল আহমেদ, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রমথেশ শীল এবং প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মামুন রুমী।


































