বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে জুট মিলে কর্মরত এক নারী শ্রমিককে (২০) পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) রাতে থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী। মামলায় ডিপুলসহ আরো কয়েকজনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই নারী দুই মাস আগে উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের জুট মিলে শ্রমিক হিসেবে কাজে যোগ দেন। কাজের সুবাদে তিনি মালাহার গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুলের বাসায় ভাড়া থাকতেন। গত ১৯ ডিসেম্বর দিনগত রাতে বাসার মালিক ডিপুল ওরফে বিপুল (৩০) এবং তার সহকারী অজ্ঞাত দুইজনকে নিয়ে ওই নারী ঘরে প্রবেশ করে। পরে তারা নারীকে মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে ভয়ে কাউকে কিছু না বলে ভুক্তভোগী নিজ বাড়িতে চলে যান। সেখানে গিয়ে ঘটনাটি তার বাবাকে জানালে স্থানীয়দের পরামর্শে শনিবার রাতে শিবগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা গ্রহণ করা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
আমন্ত্রণ/এজি
শিবগঞ্জে জুট মিলের নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
জানুয়ারি ৪, ২০২৬


































