কাশী কুমার দাস, দিনাজপুর :
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আজ শনিবার (১৩ অক্টোবর) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ধিত সভা সংগঠনের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, ধর্মীয় সম্পাদক ডা. ডিসি রায়, বিরামপুর উপজেলার সভাপতি অধ্যক্ষ শিশির কুমার রায়, নবাবগঞ্জের সভাপতি বিপ্লব কুমার দাস প্রমুখ। এতে উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা তাদের সাংগঠনিক দিক তুলে বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, এ বছর দিনাজপুর জেলায় এক হাজার ৩১৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌর এবং সদর ইউনিয়নে ১৬৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ২৩টি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি স্বরূপ বকশী বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের জনগণের জন্য ছুটি বাড়িয়ে দিয়েছেন এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য অনুদানও বৃদ্ধি করেছেন। এ জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভার শুরুতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল কুমার চক্রবর্তীসহ পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ ইহলোক ত্যাগ করেছেন তাঁদের আত্মার শান্তি ও স্বর্গবাসী কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আমন্ত্রণ/এজি
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দিনাজপুরে পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
অক্টোবর ৩, ২০২৬
































