বগুড়া ব্যুরো :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর হক আরজুকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় র্যাব-২ ও ১২ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত থাকায় জাহিদুর হক আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। রাত ১০টার দিকে যৌথ অভিযান চালিয়ে তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ফোরকান হত্যা মামলার আসামী ছিলেন জাহিদুর হক আরজু। র্যাব তাকে আটকের পর রাতেই তাকে শাজাহানপুর থানায় সোর্পদ করে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ, শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































