আমন্ত্রণ ক্রীড়া প্রতিবেদক :
রিয়াল মাদ্রিদকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে বার্সেলোনা নারী দল। সর্বশেষ তিন ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের জালে মোট ১৫ গোল দিয়েছে কাতালান ক্লাবটি।
নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে রিয়াল মাদ্রিদকে ৬-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সা। প্রথম লেগে বার্সা ৬-২ ব্যবধানে জয় পেয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ১২-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের লড়াই শেষ করে তারা।
এর আগে সপ্তাহের শুরুতে লিগ ম্যাচেও রিয়ালকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। সব মিলিয়ে মাত্র এক সপ্তাহে তিন ম্যাচে রিয়ালের জালে ১৫ গোল করে দলটি।
নারী এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার একচ্ছত্র আধিপত্য আরও একবার স্পষ্ট হয়েছে। দুই দলের সর্বশেষ ২৫ দেখায় ২৪টিতেই জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
ন্যু ক্যাম্পে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন গ্রাহাম হ্যানসেন। এ ছাড়া একটি করে গোল করেন অ্যালেক্সিয়া পুতিয়াস, ইরেনে পারেদেস, ইউইয়া পাজর ও ইসমে ব্রুগটস।
এই জয়ের মাধ্যমে টানা অষ্টমবারের মতো নারী চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বেও বায়ার্নকে ৭-১ ব্যবধানে হারিয়েছিল বার্সা।
রিয়ালের জালে বার্সার ১৫ গোল
এপ্রিল ৩, ২০২৬


































