আব্দুর রাজ্জাক আশিক, ধুনট ( বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্র। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় রহমান ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে বাবার কাছে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে আসছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে তার বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি করেন। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের তীরের সঙ্গে প্যান্টের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা আব্দুল লতিফ বলেন, ছেলে কয়েকদিন ধরে মোটরসাইকেল কেনার জন্য বায়না করছিল। আমি তাকে বলেছিলাম, হাতে টাকা হলে মোটরসাইকেল কিনে দেব। কিন্তু সে এমন ঘটনা ঘটাবে, তা কখনো ভাবিনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
মোটরসাইকেলের আবদার পূরণ না হওয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
মে ২৬, ২০২৬


































