পুরান ঢাকার বংশালে মিরনজিলস্না হরিজন কলোনিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, ‘বুধবার (১০ জুলাই) দুপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করেছে। হামলায় অর্ধশতাধিক নারী-পুরম্নষ আহত হয়েছেন। কলোনির বাসিন্দাদের শত শত বছরের আবাসস্থল থকে উচ্ছেদ করার জন্যে এ হামলা চালানো হয়েছে। আমরা গরিব- মেহনতি মানুষদের ওপর এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের জোর দাবি জানাই।’
নেতৃবৃন্দ বলেন, ‘বহুতল মার্কেট ভবন নির্মাণের জন্যে হরিজনদের উচ্ছেদ করা চলবে না। ইতিমধ্যে যাঁদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আগের জায়গায় সসম্মানে পুনর্বাসন করতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ নাসু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল পল্টন, বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে। খবর প্রেস বিজ্ঞপ্তির।
আমন্ত্রণ/এজি


































