আমন্ত্রণ প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিভাবে আন্দোলন করতে হয়, তা ফুলবাড়ীর মানুষ জানেন। জীবন দিয়ে কিভাবে অধিকার আদায় করতে হয় তাও এই ফুলবাড়ীর বীর মানুষ জানেন। ফুলবাড়ীর উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি বিরোধী আন্দোলন সংগ্রাম করে দেখিয়ে দিয়েছে ফুলবাড়ীর এই বীর জনতা। ফুলবাড়ী হচ্ছে বীর সংগ্রামীদের জন্মভূমি।
গত মঙ্গলবার (২৭ মে) রাত ৯টার দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের নিমতলা মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম উপরোক্ত কথা বলেন।
পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠক নিশাদ চৌধুরী। সংগঠনের কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মিঠুনের সঞ্চালনায় আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, যুগ্ম সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইংয়ের সদস্য রেজাউল ইসলাম, যুবশক্তির আরিফ মুন, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক একরামুল হক আবির প্রমুখ।
মূখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আপনাদের কাছে এসেছি আপনাদের কথা শুনতে, আপনাদের সমস্যাগুলো জানতে। আমরা চাই রাজনৈতিক নেতারা এলাকার সমস্যা সমাধান করুক। তারা এলাকায় ইউনিয়ন পর্যায়ে প্রতিটি রাস্তায় হাটুক। তাহলে তাদেরকে আর বলতে হবে না কোন রাস্তা ভাঙা, কোন রাস্তার সংস্কার দরকার। আমরা নিজেরাই আপনাদের কাছে এসে জানলাম, এখানকার মানুষ উন্ম্ক্তু পদ্ধতিতে কয়লাখনি চায় না। এখানে খেলার জন্য কোন স্টেডিয়াম নেই। চিকিৎসা সেবার মানোন্নয়ন করা দরকার। এজন্য আপনাদের একজন ভালো নেতৃত্ব দরকার। সে যে দলেরই হোক, আপনারা ভালো মানুষকে ভোট দিবেন। আমরা শুধু এনসিপির কথা বলতে আসিনি। আমরা এসেছি ভালো মানুষকে বাছাই করে নেওয়ার কথা বলতে। ভালো মানুষ অবশ্যই ভালো কাজ করবেন।
মূখ্য সংগঠক সারজিস আলম আরও বলেন, যে ভালো কাজ করবে তাকেই জনগণ প্রতিনিধি হিসেবে বেছে নেবে। সেই প্রতিনিধির কোন মার্কা থাকুক আর না থাকুক, কোন দল থাকুক আর না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, সে যদি মানুষের জন্য কাজ করে তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। কারণ ভালো মানুষের কাছে যদি ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে। আর যদি মার্কা আর দল দেখে খারাপ মানুষের কাছে ক্ষমতা তুলে দেন, তাহলে সেই ক্ষমতা আপনাদেরকেই শোষণ করার জন্য ব্যবহার হবে, সেই ক্ষমতা এলাকায় চাঁদাবাজীর জন্য ব্যবহার হবে। এইসব অপশক্তিকে দূর রাখতে ভালো মানুষকে প্রতিনিধি নির্বাচিত করতে হবে। যারা সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।
পথসভার আগে মূখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুলবাড়ী পৌরশহরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সংগে গণসংযোগসহ কুশল বিনিময় করেন।
এর আগে মূখ্য সংগঠক সারজিস আলম ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন।
আমন্ত্রণ/এসিজি
মার্কা আর দল দেখে প্রতিনিধি নির্বাচিত করলে সেই প্রতিনিধি আপনাদেরকেই শোষণ করবে – এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম
মে ২৮, ২০২৫


































