আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় তরিকুল ইসলাম (২৫) নামে এক কাঠমিস্ত্রি মায়ের কাছে ৫০০ টাকা চেয়ে না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। আজ সোমবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তরিকুল ইসলাম ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের দুদু সরকারের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। স্ত্রী কাকুলি ও একমাত্র ছেলে তামিমকে নিয়ে তার অভাব-অনটনের সংসার চলছিল।
থানা সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তরিকুল সংসারের প্রয়োজনে তার মায়ের কাছে ৫০০ টাকা দাবি করেন। কিন্তু হতদরিদ্র মা সেই টাকা দিতে না পারায় তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা ফসলের মাঠে গিয়ে তিনি বিষপান করেন।
পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সোমবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
মায়ের কাছে টাকা না পেয়ে ধুনটে কাঠমিস্ত্রির বিষপানে আত্মহত্যা
জুন ২৩, ২০২৫


































