দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর :
ভারতে পাচারের সময় ২ লিটার ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১০ মে) ভোর পৌনে ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্তের উচা গোবিন্দপুর এলাকা থেকে এ বিষ উদ্ধার করা হয়।
বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়ন-২০-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে সাপের এই মূল্যবান বিষ উদ্ধার করা হয়। চোরাকারবারিরা তা ভারতে পাচারের উদ্দেশ্যে এনেছিল।’
তিনি বলেন, ‘অভিযানে দুটি কাচের জারে রক্ষিত সাদা রঙের সাপের বিষ ১ লিটার ২০৩ গ্রাম এবং কালো রঙের সাপের বিষ ১ লিটার ২৬৮ গ্রাম জব্দ করা হয়। জব্দকৃত সাপের বিষের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা। চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
এর আগে ১০ এপ্রিল বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকা থেকে এক লিটার সাপের বিষ উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছিল এক কোটি বিশ লক্ষ টাকা।
ভারতে পাচারকালে বিরামপুরে আড়াই লিটার সাপের বিষ উদ্ধার
মে ১০, ২০২৪
































