আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ী ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম-এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ মানবিক কর্মসূচির আওতায় প্রায় ৭০০টি পরিবারের মাঝে লাচ্ছা সেমাই, চিনি, পোলাওয়ের চাল, বাদাম ও কিশমিশ বিতরণ করা হয়। এতে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাণ্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম (নান্নু)। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, নিয়ামুল ইসলাম, জুবায়ের হোসেন জুয়েলসহ স্থানীয় আরও অনেকে।
উপস্থিত বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এমন উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে ভাণ্ডারবাড়ী ইউনিয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন এবং প্রতি বছরই ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ান।
আমন্ত্রণ/এজি
ব্যবসায়ী মো. রবিউল ইসলামের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
মার্চ ১৯, ২০২৬
































