বগুড়া ব্যুরো:
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় মতিন সরকারের ভাই আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকার ও যুবলীগ নেতা এমদাদুল করিম রিংকুকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার (৯ মে) দিবাগত রাত সোয়া দুইটার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি আলোচিত কাউন্সিলর মতিন সরকার ও তুফান সরকারের ভাই এবং শহরের অপরাধজগতের পরিচিত মুখ। বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিবির এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়। এ হামলায় আ. মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর সদর থানায় মামলা হয়। ওই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার।তিনি আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আপর দিকে বগুড়া শহর বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় যুবলীগ নেতা এমদাদুল করিম রিংকু (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শহরের ছিলিমপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার এমদাদুল করিম রিংকু (৩০) শহরের ছিলিমপুর উত্তরপাড়ার রেজাজুল করিম রেজার ছেলে। এছাড়াও তিনি ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই বগুড়া শহর বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটায় একদল সন্ত্রাসী। ঘটনার পর ১৭ আগস্ট সদর থানায় মামলা হয়। ওই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন রিংকু। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর মামলা বগুড়া আলোচিত সন্ত্রাসী ঝুমুর ও যুবলীগ নেতা রিঙ্কু গ্রেপ্তার
মে ১০, ২০২৫
































