আজহার ইমাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মাদ্রাসার ওপর হামলা ও লক্ষাধিক টাকার ফসল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার হাবিবপুর দারুল উলুম হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার মুহতামিম মোঃ আব্দুন নূর এ ঘটনায় প্রতিকার চেয়ে ৯ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মাদ্রাসার মুহতামিম মো. আব্দুন নূর স্থানীয় মো. মনজের আলীর নিকট থেকে ১২ শতাংশ জমি ক্রয়ের উদ্দেশ্যে বায়নাপত্র দলিল মূলে দখল গ্রহণ করে গত ছয় মাস ধরে সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছিলেন। উক্ত জমিতে উৎপাদিত পেঁপে, বেগুন, মিষ্টি কুমড়া ও লালশাকসহ বিভিন্ন ফসলের আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় ৬০ হাজার টাকা। লিখিত অভিযোগে আব্দুন নূর উল্লেখ করেন যে, গত ৮ এপ্রিল সকালে একই এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. মিলন হোসেন (২৮), মো. স্বপন (৪০), মো. খাইরুল ইসলাম (৩৫), মোছা. লিপি আরা (৪৩) এবং মো. ফয়সালের স্ত্রী মোছাঃ ইতি (৩০) ও সাইদুর রহমানের ছেলে মোঃ শামিম (২৬) দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে অতর্কিত হামলা চালায়।
এসময় তারা ১ নং বাদী মোঃ আব্দুন নূরকে এলোপাথাড়ি মারধর করে জখম করে এবং বাগান থেকে উৎপাদিত সব ফসল লুট করে নিয়ে যায়। বাধা প্রদান করতে গেলে বিবাদীরা মাদ্রাসা উচ্ছেদসহ শিক্ষক ও ছাত্রদের প্রাণনাশের হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার বিষয়ে বক্তব্য নিতে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তারা সাংবাদিকদের ওপর চরমভাবে চড়াও হন এবং অশোভন আচরণ করেন। তাদের পক্ষ থেকে কোনো সদুত্তর না দিয়ে বরং উল্টো সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি প্রদান করা হয়। মুহতামিম আব্দুন নূর জানান, তারা আইনত জমির দখলে থেকে ফসল ফলিয়েছেন, কিন্তু বিবাদীরা গায়ের জোরে হামলা চালিয়ে তাদের আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমানে মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ভুক্তভোগী পক্ষ প্রশাসনের নিকট দ্রুত সরেজমিনে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
আমন্ত্রণ/এজি
বিরামপুরে জমি দখলকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ফসল লুটের অভিযোগ
এপ্রিল ১০, ২০২৬


































