আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিদেক :
দিনাজপুরের বিরল উপজেলার খোপড়াগ্রাম সীমান্তবর্তী এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিন কিশোরীগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩১/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই সাতজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জামুন মশালডাঙ্গি গ্রামের মো. সাইফুদ্দিনের ছেলে মো. আলম (২৫), পাঁচঘড়িয়া পিপলডাঙ্গীর মোস্তফা’র ছেলে মো. মুনির আলী (২৪), একই গ্রামের আতাউর রহমানের ছেলে মকলেস (২১), ভেটনা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মো. ওয়াসিম (২০), বনগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে মো. নুর আলী (২০), কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জুবায়ের হোসেন (১৯) ও জামুন মশালডাঙ্গী গ্রামের লিয়াকত আলী’র ছেলে মো. হাবিবুর রহমান।
উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা কাজের সন্ধানে সাত মাস পূর্বে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন গিয়েছিল।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে বিজিবি নিরবিচ্ছিন্নভাবে অভিযান কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশরোধে তথ্য প্রদানের মাধ্যমে বিজিবিকে সহায়তা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন। তবে আটককৃতদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করতঃ তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিরল থানায় হস্তান্তর করেছে বিজিবি।
আমন্ত্রণ/এজি


































