আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা আত্মসাতের অভিযোগে ভাতাভোগীররা মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ প্রদান করেছেন। বুধবার (২৮ ফেব্রæয়ারি) দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশ নেয়া দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগৎপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী আজগার আলী বলেন, আমি তো আগে নিয়মিত বয়স্ক ভাতার টাকা পাইতাম। কিন্তু এবার আমিসহ আমার আশেপাশের অনেকেই তারা তাদের ভাতার টাকা পায়নি। সমাজসেবা কার্যালয়ে গেলে তারা বলে যে আমার টাকা দেয়া হয়েছে। কিন্তু আমরা কোন টাকাই পাইনি। টাকা পাইলে অথবা কেউ সেটা অবৈধভাবে উত্তোলন করলে তা তো ডকুমেন্ট থাকার কথা। সেটা তো আমাদের কারও কাছেই নেই।
একই উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের ফুলবাড়ী বাসুদেব এলাকার বাসিন্দা বাচ্চু, ১১ নং পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী মলানিয়া এলাকার বাসিন্দা গুলনাহার বেগম, জগৎপুর এলাকার বাসিন্দা রসনা বেগম, মাসুদা বেগমসহ ভুক্তভোগী অনেক তাদের ভাতার টাকা না পাওয়ায় মানববন্ধনে অংশ নেন। তাদের মতো ৪০ভাগ সুবিধাভোগীর টাকা তারা নিয়মিত পাননা। তাছাড়া অনেকেই আছেন যারা তাদের ভাতা পায়নি। এব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোড় দাবী জানিয়ে তারা বলেন, বিরল উপজেলা সমাজসেবা অফিসার দীর্ঘ প্রায় ১৩ বছর যাবৎ এই উপজেলায় কর্মরত থাকায় তিনি একছত্র অধিপ্ত বিস্তার করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অনৈতিতক কার্যকলাপ করে আসছেন।
মানববন্ধনের পূর্বে এদিন ভাতার টাকা না পাওয়ায় বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে দিনাজপুরের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের এখানে যদি এধরনের অভিযোগ আসে সেটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
বিরলে সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভাতা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
মার্চ ২, ২০২৪
































